শনিবারের কুয়াশা ও শৈত্যপ্রবাহ পূর্বাভাস (জানুয়ারি ০৩, ২০২৬)
==================
আজ শনিবার দুপুর ১ টা বেজে ১০ মিনিটের সময় ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত কুয়াশার চিত্র বিশ্লেষণ করে দেশের উত্তর-পূর্ব দিকের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশার উপস্থিতি দেখা যাচ্ছে। বিশেষ করে সিলেট, ময়মনসিংহ বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের গাজীপুর, কিশোরগঞ্জ জেলা; চট্টগ্রাম বিভাগের ব্রাক্ষণবাড়িয়া ও কুমিল্লা জেলা এবং সিলেট বিভাগের কোন-কোন জেলার উপরে হালকা মানের কুয়াশার উপস্থিতি রয়েছে।
শনিবার রাতের কুয়াশা পূর্বাভাস
===================
আজ শনিবার রাতে খুলনা ছাড়া অন্য ৭ টি বিভাগের জেলাগুলোর উপরে আবারও হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশার উপস্থিতির আশংকা করা যাচ্ছে। মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশংকা করা যাচ্ছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে। হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশার আশংকা করা যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে। আজ সন্ধ্যার পর থেকে খুবই ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকার আশংকা করা যাচ্ছে ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপরে।
নৌযান চলাচলে বিশেষ সতর্কতা:
=======================
আজ শনিবার সন্ধ্যার পর থেকে রাজশাহী, রংপুর, সিলেট, ময়মনসিংহ, ও ঢাকা বিভাগের বিভিন্ন নদ-নদীর উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা থাকার আশংকা করা যাচ্ছে। ফলে এই সকল বিভাগের নদ-নদীতে চলাচল করা সকল নৌযানকে গতি নিয়ন্ত্রণ করে খুবই সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া যাচ্ছে। বিশেষ করে মেঘনা, সুরমা, কুশিয়ারা নদীর উপরে ঘন কুয়াশা থাকার আশংকা করা যাচ্ছে।
সড়ক পথে চলাচলে বিশেষ সতর্কতা:
=======================
আজ শনিবার সন্ধ্যার পর থেকে রংপুর, রাজশাহী, সিলেট, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকার আশংকা করা যাচ্ছে। বিশেষ করে ঢাকা-সিলেট ও রংপুর-ঢাকা, রাজশাহী-ঢাকা মহাসড়কের উপর দিয়ে চলাচল করা সকল যানবাহনকে গতি নিয়ন্ত্রণ করে খুবই সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া যাচ্ছে।
শৈত্যপ্রবাহ ও নতুন ভারি কুয়াশার বলয়ের আগমের পূর্বাভাস
========================================
আজ শনিবার সন্ধ্যার পর থেকে আবারও উত্তর-পশ্চিম ভারত থেকে আগত কুয়াশার বলয় রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে প্রবেশ করা শুরু করেছে। ফলে আজ সন্ধ্যার পর থেকে আবারও দেশব্যাপী কুয়াশার পরিমাণ বৃদ্ধি পাওয়া শুরু করবে। সেই সাথে শৈত্য প্রবাহ তাপমাত্রা শুরু হওয়ার আশংকা করা যাচ্ছে দেশব্যাপী। আগামীকাল রবিবার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোর উপরে সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশংকা করা যাচ্ছে।

