একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

রবিবারের কালবৈশাখী ঝড় ও বজ্রপাত পূর্বাভাস (৩ রা মে, ২০২৬)

Blog Image
Email : 11k 12k
রবিবারের কালবৈশাখী ঝড় ও বজ্রপাত পূর্বাভাস (৩ রা মে, ২০২৬)
আজ রবিবার (৩রা মে, ২০২৬) দুপুর ২ টা বেজে ৩০ মিনিটের সময় বরিশাল, ঢাকা, খুলনা, চট্রগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া গেছে। দুপুর ২ টার সময় পাওয়া সর্বশেষ তথ্য বিশ্লেষণ করে আজ রবিবার রাত ১২ টা পর্যন্ত বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্রগ্রাম বিভাগের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাত আজ বিকেল ৫ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। পূর্বে খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। আজ কুমিল্লা, ফেনী, চট্রগ্রাম, খাগড়াছড়ি জেলার উপরে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খুলনা বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে না। আজ বিকেল ৫ টার পূর্বে খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তবে বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে খুলনা বিভাগের দক্ষিণ দিকের জেলাগুলোর উপরে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ থেকেই ভালো আবহাওয়া শুরু হচ্ছে খুলনা বিভাগের জেলাগুলোর উপরে। আগামীকাল সোমবার থেকে ধান কাটা ও মাড়াই করা শুরু করতে পারবেন।
বরিশাল বিভাগ: আজ সকাল ১১ টার পর থেকে বরিশাল বিভাগের সকল জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হয়েছে। কয়েকটি জেলার উপরে এখনও বৃষ্টি হচ্ছে যা বিকেল ৪ টা পর্যন্ত স্থায়ী হওয়ার আশংকা করা যাচ্ছে। বিকেল ৪ টার পর থেকে রাত ১২ টার মধ্যে আর বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বেশি।
ঢাকা বিভাগ: ঢাকা বিভাগের দক্ষিণ দিকের শরিয়তপুর, গোপালগঞ্জ, মুন্সিগন্জ জেলা ছাড়া অন্য কোন জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম আজ রাত ১২ টার মধ্যে। তবে রাত ১ টার পর থেকে আগামীকাল সোমবার সকাল ৬ টার মধ্যে ঢাকা শহর সহ ঢাকা বিভাগের বিভিন্ন জেলার উপরে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে সকল জেলার উপরে।
সিলেট বিভাগ: আজ সন্ধ্যার পূর্বে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। আজ রাত ১০ টার পর থেকে আগামীকাল সোমবার সকাল ৮ টার মধ্যে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে সকল জেলার উপরে।
ময়মনসিংহ বিভাগ: সন্ধ্যা ৭ টার পূর্বে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই। সন্ধ্যা ৭ টার পর থেকে রাত ১২ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের কোন-কোন জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ময়মনসিংহ ও জামালপুর জেলার কোন-কোন উপজেলার উপরে।
রংপুর বিভাগ: বিকেল ৫ টার পূর্বে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই। বিকেল ৫ টার পর থেকে রাত ১০ টার মধ্যে রংপুর বিভাগের কোন-কোন জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আগামীকাল সোমবার দিনের বেলা রংপুর বিভাগে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বেশি। কৃষকরা নিজেরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন সার কিংবা কীটনাশক প্রয়োগ করবেন কি না।
রাজশাহী বিভাগ: বিকেল ৫ টার পূর্বে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই। বিকেল ৫ টার পর থেকে রাত ১০ টার মধ্যে রাজশাহী বিভাগের কোন-কোন জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: এই পূর্বাভাস লেখার সময় পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিকের বিভিন্ন জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর দুয়ার জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে যা সকাল ১১ টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
ভারতের ত্রিপুরা রাজ্য: এই পূর্বাভাস লেখার সময় ত্রিপুরা রাজ্যের বেশিভাগ জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে যা বিকেল ৫ টা পর্যন্ত স্থায়ী হওয়ার আশংকা করা যাচ্ছে।


বিশেষ দ্রষ্টব্য:

দেশব্যাপী চলমান কালবৈশাখী ঝড় ও বজ্রপাত আজ ৩রা মে থেকে কমা শুরু করেছে। আগামীকাল সোমবার দিনের বেলা রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। আগামীকাল সোমবার অন্য ৩ টি বিভাগে (বরিশাল, সিলেট, চট্রগ্রাম) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৫ই মে সিলেট, ময়মনসিংহ ও চট্রগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৬ ই মে শুধু ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা ও ময়মনসিংহ এবং সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Related Post