উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ভারতের ওড়িশা উপকূলের কাছে যে মৌসুমি লঘুচাপ সৃষ্টি হয়েছিল ৩ দিন পূর্বে তা আজ রবিবার, ৫ ই জুলাই, ২০২৬ তারিখে শক্তিশালি হয়ে নিম্নচাপের পরিনত হয়েছে। চট্রগ্রাম, নোয়াখালী, ভোলা, বরগুনা, সাতক্ষীরা জেলার উপকূলীয় এলাকায় ঘন্টায় ৩৫ থেকে ৪০ কোলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে যা দমকা হাওয়া সহ ঘন্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে। এই নিম্নচাপকে কেন্দ্র করে সৃষ্ট ঘূর্ণাবর্তের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর উষ্ণ ও জলীয়বাষ্পসমৃদ্ধ বাতাস বাংলাদেশের দিকে প্রবাহিত হচ্ছে। এর ফলে দেশের আকাশে হালকা থেকে মাঝারি মাত্রার মেঘের সৃষ্টি হচ্ছে। তবে নিম্নচাপটির কারণে আজ থেকে চট্রগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলোর উপরে বৃষ্টি শুরুর প্রবল আশংকা করা যাচ্ছে। আজ সকাল থেকেই চট্রগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপরে বৃষ্টিপাত শুরু হয়েছে। আগামী ৪৮ ঘন্টা চট্রগ্রাম বিভাগের জেলাগুলো বিশেষ করে কক্সবাজার, বান্দরবান, চট্রগ্রাম, নোয়াখালী, ফেনী জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। আজ রাত থেকে নিম্নচাপের প্রভাব দেশের মধ্যভাগের জেলাগুলো এবং আগামীকাল দেশের উত্তর দিকের ৩ টি বিভাগের উপরে পরিলক্ষিত হওয়ার আশংকা করা যাচ্ছে। আবহাওয়া পূর্বাভাস মডেলগুলোর সর্বশেষ বিশ্লেষণে দেখা যাচ্ছে, আগামী তিন দিন নিম্নচাপটির প্রভাবে ----> চট্টগ্রাম বিভাগ, বিশেষ করে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান, নোয়াখালী, ফেনী জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের আশংকা রয়েছে। ----> খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোতে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতে আশংকা রয়েছে। ----> এছাড়া ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মেঘালয় সীমান্তবর্তী জেলা ও উপজেলাগুলোতে প্রায় প্রতিদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে দেশের আকাশে হালকা মেঘ থাকলেও লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প দেশের স্থলভাগে প্রবেশ করছে। ফলে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা (Relative Humidity) অনেক বেশি রয়েছে। গত ৩ থেকে ৫ দিন ধরে, দেশের অধিকাংশ এলাকায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত না হওয়ায় বাতাসে থাকা অতিরিক্ত জলীয়বাষ্প বের হয়ে যেতে পারছে না। এর ফলে মানুষের শরীর থেকে ঘাম সহজে বাষ্পীভূত হতে পারছে না, যা শরীরের স্বাভাবিক শীতলীকরণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। এই কারণেই প্রকৃত তাপমাত্রা খুব বেশি না হলেও দেশের মানুষ স্বাভাবিকের তুলনায় অনেক বেশি গরম ও অস্বস্তি অনুভব করছেন।
চিত্র: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে মৌসুমি নিম্নচাপকে কেন্দ্র করে বায়ুপ্রবাহের দিক। বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পসমৃদ্ধ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকের বাতাস বাংলাদেশের দিকে প্রবাহিত হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে মেঘের সৃষ্টি ও বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে।

