শুক্রবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (জুলাই ৩, ২০২৬)
এই পূর্বাভাস লেখার সময় (দুপুর ১ টা বেজে ৪৫ মিনিট) কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র, রাডার থেকে প্রাপ্ত বৃষ্টিপাতের চিত্র এবং বজ্রপাতের তথ্য বিশ্লেষণ করে আজ শুক্রবার দুপুর ১ টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে।
রংপুর বিভাগ: আজ শুক্রবার দুপুর ১ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে বিকেল ৫ টার মধ্যে রংপুর বিভাগের গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, নীলফামারী জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। আজ রাতে আবারও রংপুর বিভাগের জেলাগুলোর উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার উপকূলীয় উপজেলাগুলোর উপরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল ৪ টার পর থেকে রাত ১২ টার মধ্যে।
ঢাকা বিভাগ: ঢাকা বিভাগের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল ৪ টার পর থেকে রাত ১০ টার মধ্যে।
রাজশাহী বিভাগ: সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর ৩ টার পর থেকে রাত ১০ টার মধ্যে।
চট্টগ্রাম বিভাগ: সন্ধ্যার পূর্বে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। বৃষ্টির হালকা সম্ভাবনা রয়েছে কক্সবাজার, বান্দরবন জেলার উপরে বিকেল ৪ টার পর থেকে রাত ১০ টার মধ্যে। রাত ১০ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্রগ্রাম ও কক্সবাজার জেলার কোন-কোন উপজেলার উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বরিশাল বিভাগ: সন্ধ্যার পূর্বে বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। রাতে কোন-কোন জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে বৃষ্টির হালকা সম্ভাবনা রয়েছে।
সিলেট বিভাগ: সন্ধ্যার পূর্বে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। রাতে সকল জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট ও সুনামগঞ্জ জেলার উপরে তীব্র বজ্রপাতের আশংকা রয়েছে রাতে।
ময়মনিসংহ বিভাগ: সন্ধ্যার পূর্বে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। রাতে নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নেত্রকোনা জেলার উপরে তীব্র বজ্রপাতের আশংকা রয়েছে রাতে।

